দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে শোবিজে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন
অভিনেত্রী ও মডেল মৌসুমী হামিদ। নাটক, সিনেমা ও ওটিটি তিন মাধ্যমেই নিজের
আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। পর্দার ব্যস্ততার মাঝেও রমজান মাস এলে
নিজেকে খানিকটা বদলে নেন তিনি।
তার ভেতরের মানুষটা যেন ফিরে যায় অনেক দূরের সেই শৈশব-কৈশোরে। যেখানে
রমজান মাস আসতো অনেক রঙিন মুহূর্ত নিয়ে।
রমজান মানেই সংযম, আত্মশুদ্ধি আর ভেতরের শান্তির সময়, এমনটাই মনে করেন
মৌসুমী। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও চেষ্টা করেন রোজার আমেজটুকু ধরে রাখতে।
তবে শুটিং সেটে রোজা রাখা যে সহজ নয়, সে কথাও অকপটে স্বীকার করলেন তিনি।
রমজানে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে হাসতে হাসতেই বলেন, 'আসলে আলাদা করে বলার
মতো কোনো নাটকীয় স্মৃতি নেই। সবার মতোই রোজা কাটে। তবে একবার শুটিং করতে
গিয়ে ভুল করে পানি খেয়ে ফেলেছিলাম। পরে ইউনিটের একজন বলল, 'আপু, আপনি না
বললেন রোজা?' তখন বুঝলাম ভুল হয়ে গেছে!'
শৈশবের রোজার স্মৃতি আরও রঙিন। সাতক্ষীরায় বেড়ে ওঠা এই অভিনেত্রী বলেন,
'ছোটবেলায় পুরো রোজা রাখা হতো না। থাকতাম 'অর্ধেক রোজা'। দুপুরের দিকে
প্রচণ্ড ক্ষুধা লাগলে সেটাকেই অর্ধেক রোজা বলে সান্ত্বনা দেওয়া হতো
নিজেকে। আর একবার কেউ শিখিয়ে দিয়েছিল, পুকুরের পানির নিচে ডুব দিয়ে পানি
খেলে নাকি আল্লাহ দেখবেন না! সেই সরল বিশ্বাসে ডুব দিয়ে পানি খাওয়ার
দুষ্টুমির কথাও এখন মনে পড়লে হাসি পায় তার।
এদিকে রমজানের মাঝেই মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত নতুন ওয়েব সিনেমা
'জ্বীনের বাচ্চা'। মোস্তাফিজুর নূর ইমরান পরিচালিত এ কাজটিতে তিনি অভিনয়
করেছেন এক বাকপ্রতিবন্ধী নারীর চরিত্রে। চরিত্রটি নিয়ে ইতোমধ্যেই
দর্শকদের মাঝে আলোচনা তৈরি হয়েছে।
মৌসুমীর ভাষায়, 'রেসপন্স খুব ভালো পাচ্ছি, বিশেষ করে আমার পারফরম্যান্স নিয়ে।'
ঈদের কি কাজ আসছে তা জানতে চাইলে মৌসুমী হামিদ বলেন, 'ঈদের জন্য একটা সাত
পর্বের নাটকের কাজ শেষ করেছি। আমার সঙ্গে চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাসসহ
আরও অনেক গুণি তারকারা আছেন। খুব ভালো একটি কাজ। আশা করছি সবাই উপভোগ
করবেন।'
এমআই/এলআইএ
আরও পরুন
https://www.jagonews24.com/entertainment/news/1096227
0 মন্তব্যসমূহ