জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীক ‘শাপলা’ পেতে যাচ্ছে। নির্বাচন কমিশনের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইসির সাম্প্রতিক প্রকাশিত গেজেটে ‘শাপলা’ প্রতীক না থাকলেও দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে প্রতীকটি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেবে ইসি।
এদিকে, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল নির্বাচন কমিশনকে তাদের অনাপত্তির কথা জানিয়েছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ইসিকে অনানুষ্ঠানিকভাবে পরামর্শ দেওয়া হয়েছে। বিএনপি মনে করে, প্রতীক ইস্যু নিয়ে ইসির সঙ্গে বিরোধে জড়ানো তাদের কাজ নয়। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হলে তাতে তাদের আপত্তি নেই।
এনসিপির নেতারা নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর দলটিকে পুনরায় ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে। তারা অন্য কোনো প্রতীক নিতে রাজি নয়।
এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের আলোচনা দীর্ঘদিনের ও ধারাবাহিক। শাপলা প্রতীক আমাদের দলের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত।
0 মন্তব্যসমূহ